নিজস্ব প্রতিনিধি:
নিরাপত্তাজনিত কারণে আজ থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগের এজলাসকক্ষে আইনজীবী ছাড়া অন্য কোনো ব্যক্তি কিংবা বিচারপ্রার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিচারব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি, উভয় বিভাগের বিচারপতি, মামলা পরিচালনাকারী আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু বিচারপ্রার্থী, মামলাসংশ্লিষ্ট ব্যক্তি ও অনাকাঙ্ক্ষিত লোকজন এজলাসকক্ষে প্রবেশ করছেন। এতে আদালতের নিরাপত্তা, শান্ত পরিবেশ ও বিচারকার্য পরিচালনায় ব্যাঘাত ঘটছে। একই সঙ্গে বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।এ প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্ট রুমে আইনজীবী ছাড়া অন্য কারও প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।এ ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, বৈধ বা অবৈধ অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এই নির্দেশনা ১৫ ডিসেম্বর (সোমবার) থেকে কার্যকর হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।একই সঙ্গে আইনজীবী, তাদের সহকারী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে আদালত।
