নিজস্ব প্রতিনিধি:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের জানান, মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে তদন্ত চলছে। এর অংশ হিসেবেই তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে ১৮ কোটি ১০ লাখ টাকার ঘুষ লেনদেন করা হয়।
এর মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। তবে চুক্তি অনুযায়ী অর্থ প্রদান না করায় অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলাভিষিক্ত হন জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের।দুদকের অভিযোগে আরও বলা হয়, জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করে বিদেশে পাচার করেন।
যদিও কেন্দ্রীয় কমিটিতে ৩০১ জন থাকার কথা, সেখানে সদস্য সংখ্যা বাড়িয়ে ৬০০–৬৫০ জন করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনের হলফনামা অনুযায়ী, জিএম কাদেরের নামে নগদ ৪৯ লাখ ৮৮ হাজার টাকা, ব্যাংকে ৩৫ লাখ ৯৫ হাজার টাকা এবং ৮৪ লাখ ৯৮ হাজার টাকার একটি জিপ গাড়ি রয়েছে।
অন্যদিকে তার স্ত্রী শেরীফা কাদেরের নামে নগদ ৫৯ লাখ ৫৯ হাজার টাকা, ব্যাংকে ২৮ লাখ ৯ হাজার টাকা এবং ৮০ লাখ টাকার একটি জিপ গাড়ি রয়েছে। এছাড়া ঢাকায় ফ্ল্যাট ও লালমনিরহাটে জমির মালিকানাও রয়েছে তাদের নামে।উল্লেখ্য, জিএম কাদের ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।
