অভিনয়ের প্রলোভনে অভিনেত্রীকে গণধর্ষণের অভিযোগ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিনেত্রী তাছলিমা খাতুন আয়েশাকে রিসোর্টে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে নাট্যনির্মাতা নাসিরউদ্দিন আহমেদ মাসুদ ও তার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তাছলিমা খাতুন আয়েশা শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, “আমরা ইতোমধ্যে রিসোর্টে প্রাথমিক তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চলছে।”

অভিযোগে তাছলিমা খাতুন জানান, “চার-পাঁচ মাস আগে পূবাইলে শুটিং চলাকালে পরিচালক নাসিরউদ্দিন মাসুদ আমার মোবাইল নম্বর নেন। এরপর তিনি নিয়মিত ফোন করতেন এবং কয়েকটি নাটকে একসাথে কাজও করেছি। এক রাতে শুটিংয়ের কথা বলে তিনি আমাকে বাসা থেকে নিয়ে যান। পরে গভীর রাতে গাজীপুরের রাস্ রিসোর্টে নিয়ে গিয়ে মাদক সেবনের পর নাসিরউদ্দিন মাসুদ ও তার সহকারী বাবর আমার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এরপর বয়স্ক এক ব্যক্তি, যাকে রিসোর্টের মালিকপক্ষের লোক হিসেবে পরিচয় দেওয়া হয়, তিনিও আমাকে ধর্ষণ করেন। তারা তিনজন মিলে আমাকে গণধর্ষণ করেন। পরবর্তীতে বাবর আমার আইফোন ১৬ প্রো ম্যাক্স ছিনিয়ে নেয় এবং আমাকে জোর করে রিসোর্ট থেকে বের করে দেয়। ২২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে প্রাণনাশের হুমকি দিয়ে আমাকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়।”

তিনি আরও জানান, ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা নেন এবং পরে থানায় মামলা করেন।

ওসি বারিক আরও বলেন, রিসোর্টের ওয়েবসাইটে দেওয়া দুটি নম্বরে যোগাযোগ করা হলে রায়হান ও সাইফ নামে দুই ব্যক্তি ফোন রিসিভ করে নিজেদের ‘থার্ড পার্টি’ পরিচয় দেন। তারা দাবি করেন, তারা শুধু বুকিং নেন এবং এ ধরনের ঘটনার বিষয়ে কিছু জানেন না।

তিনি যোগ করেন, প্রমাণ মিললে শুধু অভিযুক্তদের নয়, রিসোর্ট কর্তৃপক্ষের অবহেলাও খতিয়ে দেখা হবে।