আলমডাঙ্গায় আইসক্রিম কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ৩ মাস আগে

আলমডাঙ্গা প্রতিনিধিঃ

রঙ ও ফ্লেভারের লাইসেন্স ছাড়াই আইসক্রিম তৈরি, সংরক্ষণ ও বিপণনের অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় অবস্থিত একটি আইসক্রিম কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৩ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আদালত সুত্রে জানা যায়,  অননুমোদিত রঙ ও ফ্লেভার ব্যবহার, লাইসেন্স ছাড়া আইসক্রিম উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় লোটাস সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিক সাজেদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় কারখানার সাতটি ফ্রিজে সংরক্ষিত অননুমোদিত রঙ ও ফ্লেভারে তৈরি আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। পাশাপাশি, প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত কারখানার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জ বাজারে তেলের ডিলারদের দোকানও তদারকি করা হয়। ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।