সাবেক আইজিপি ও এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ ১০ কর্মকর্তা ট্রাইব্যুনালে

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির সাবেক মহাপরিচালকসহ ১০ জন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, যাদের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

আজ (২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার) কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুটি পৃথক প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

আদালতে হাজির হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন এবং ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক।

এছাড়া, র‍্যাবের দুই সাবেক কর্মকর্তাকেও আদালতে হাজির করা হয়েছে। তারা হলেন—সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

এর আগে, ২৭ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন।