নিজস্ব প্রতিনিধি:
আগামী ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বছরের শুরুর আগেই সরকারি বিনামূল্যের নতুন পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন পড়তে পারবে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে (www.nctb.gov.bd) এসব নতুন পাঠ্যবই পাওয়া যাবে বলে জানিয়েছে সরকারের বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণের দায়িত্বে থাকা সংস্থাটি। অন্যদিকে, নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের কপি তুলে দেওয়া হবে।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ব্যাপক পরিবর্তন আনা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের এসব পাঠ্যবইয়ে। এরই ধারাবাহিকতায় এবার পাঠ্যবই থেকে বাদ গেছে ‘বঙ্গবন্ধু’ নাম, যুক্ত করা হয়েছে ‘শেখ মুজিবুর রহমান’। এর আগে ২০২৫ সাল পর্যন্ত সব পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ বলে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হতো। এখন থেকে সেটা আর থাকছে না। জানা গেছে, আসন্ন ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিকের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের সব পাঠ্যবইয়ে ‘বঙ্গবন্ধু’-র পরিবর্তে যুক্ত করা হয়েছে ‘শেখ মুজিবুর রহমানের’ নাম। এনসিটিবির সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
