বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে ৪১ বছর বয়সে আবারও ব্রাজিল ছাড়ছেন থিয়াগো সিলভা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে
T. Silva

স্পোর্টস ডেস্ক:

নিজের ঘরের ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন ব্রাজিলের তারকা ডিফেন্ডার থিয়াগো সিলভা। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী বিশ্বকাপের দলে জায়গা পেতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ফেরার পরিকল্পনা করছেন এই অভিজ্ঞ সেন্টারব্যাক।বুধবার (১৭ ডিসেম্বর) ফ্লুমিনেন্স এক ঘোষণায় জানায়, চুক্তির এখনও ছয় মাস বাকি থাকলেও সিলভা পারস্পরিক সমঝোতার মাধ্যমে ক্লাব ছাড়ছেন। তিনি গত বছরের মে মাসে রিও ডি জেনেইরোভিত্তিক ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। বিবৃতিতে ক্লাবটি জানায়, এসি মিলান, প্যারিস সেন্ট জার্মেই ও চেলসির সাবেক এই ডিফেন্ডার ফ্লুমিনেন্সে নিষ্ঠা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। উল্লেখ্য, ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ফ্লুমিনেন্সে খেলার পরই ইউরোপের পথে পা বাড়িয়েছিলেন সিলভা।

এদিকে বেশ কিছুদিন ধরেই থিয়াগো সিলভার চেলসিতে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চেলসির সাবেক ডিফেন্ডার জন টেরি টিকটকে এক ভিডিওতে জানান, তিনি সিলভাকে আবারও স্ট্যামফোর্ড ব্রিজে দেখতে চান। ২০২১ সালে চেলসির দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সিলভা। টেরি বলেন, ‘ওর দুই সন্তান আমাদের একাডেমিতে খেলছে। কোনো সন্দেহ নেই, বড়দিনে সে পরিবারসহ লন্ডনে ফিরবে।’গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সকে সেমিফাইনালে তুলতেও বড় অবদান রাখেন থিয়াগো সিলভা। পুরো মৌসুমের বেশিরভাগ সময়ই তিনি ছিলেন দলের শুরুর একাদশে।

ব্রাজিলের ক্লাব ফুটবলের মৌসুম সাধারণত ডিসেম্বরেই শেষ হয়।জাতীয় দলের হয়ে টানা চারটি বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন থিয়াগো সিলভা। ব্রাজিলের জার্সিতে তিনি ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ এবং ২০১৯ সালের কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন। তবে কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত আর জাতীয় দলে ডাক পাননি এই অভিজ্ঞ ডিফেন্ডার।