৮ কুকুরছানা হত্যা মামলায় নিশি রহমানের জামিন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমানকে জামিন দিয়েছেন আদালত। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে পাবনা আমলী আদালত–২ এর বিচারক তারিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা।তিনি জানান, আজ ছিল আসামির জামিন শুনানির দিন। শুনানি শেষে বিচারক জামিন অনুমোদন করেন। যেহেতু এটি জামিনযোগ্য মামলা এবং আসামি একজন নারী— তাই আদালত জামিন দিয়েছেন। মামলার পরবর্তী হাজিরার তারিখ আগামী বছরের ১১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।অ্যাডভোকেট কণিকা আরও বলেন, এখন মামলার তদন্ত হবে। তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।

যদি অভিযোগপত্র বা তদন্ত সঠিকভাবে না হয়, তাহলে আমরা না-রাজি আবেদনসহ পরবর্তী আইনগত পদক্ষেপ নেব। আমরা চাই— সঠিক তদন্ত হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (PAW)-এর স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন আইনজীবী দেওয়া হয়েছে। নিষ্ঠুরতা ও হিংস্রতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ— ব্যক্তির বিরুদ্ধে নয়। এমন ঘটনার শাস্তি হলে ভবিষ্যতে অনেকে সতর্ক হবে।উল্লেখ্য, বহুদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে থাকত ‘টম’ নামের একটি কুকুর। এক সপ্তাহ আগে সে আটটি বাচ্চা দেয়। গত সোমবার সকালে হঠাৎ তার বাচ্চাগুলোকে খুঁজে না পেয়ে মা কুকুরটিকে ছুটোছুটি ও কান্না করতে দেখা যায়।

পরে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন— ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান জীবন্ত ৮টি কুকুরছানাকে বস্তায় ভরে রোববার রাতের কোনো এক সময়ে উপজেলা পুকুরে ফেলে দেন। পরদিন সকালে পুকুর থেকে কুকুরছানাগুলোর মৃতদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে একমাত্র আসামি করে মামলা করেন। পরে রাতেই ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।