নিজস্ব প্রতিনিধি:
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ—হাইকোর্টের দেওয়া সেই রায়ই বহাল রেখেছে আপিল বিভাগ। রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে সরকারের আইনগত বৈধতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে তার চূড়ান্ত নিষ্পত্তি হলো।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে রিটকারী পক্ষের লিভ টু আপিল আবেদন খারিজ করেন।
এর আগে বুধবার শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ভুল তথ্যের ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ তোলা হয়েছে। গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই বলেও তিনি মত দেন।
শুনানিতে আইনজীবীরা আরও বলেন, যে সরকার শপথ নিয়ে সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতেই আবার সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা—এটি স্ববিরোধী।
অন্যদিকে রিটকারীর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে ছিলেন; তাই তারা সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্সে মতামত দেওয়ার অবস্থায় ছিলেন না। ফলে তাদের মতামতের ওপর ভিত্তি করে গঠিত সরকারের শপথ বৈধ নয়।
গত বছরের ডিসেম্বরে হাইকোর্ট রিটটি খারিজ করে জানিয়েছিল, জনগণের সমর্থনপ্রাপ্ত অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। পরে রিটকারী মহসিন রশিদ লিভ টু আপিল করেন, যা আজ আপিল বিভাগ খারিজ করেছে।
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
