নিজস্ব প্রতিনিধি:
পাহাড়ি এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে ‘জুম্ম-ছাত্র জনতা’ সংগঠনের ডাকে টানা তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলার সঙ্গে দূরপাল্লার সব যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। জেলার ভেতরের সড়কগুলোতেও যান চলাচল সম্পূর্ণ বন্ধ।
অবরোধকারীরা সকাল থেকে বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি রেখেছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে।
জেলা সদরসহ বিভিন্ন বাজারে দোকানপাট বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন, তাদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী।
খাগড়াছড়ির গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, সোমবার সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উপজেলায় অবরোধকারীদের অবস্থান নেওয়ার কোনো খবর মেলেনি।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। রাত ১১টার দিকে স্বজনেরা তাকে অচেতন অবস্থায় খেত থেকে উদ্ধার করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতের আদেশে ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ধর্ষণের প্রতিবাদে গত শনিবার ভোর পাঁচটা থেকে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ শুরু হয়।
