ভিয়েতনামে আকস্মিক বন্যায় ৯০ জনের মৃত্যু, নিখোঁজ আরও অন্তত ১২।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ভিয়েতনামের মধ্যাঞ্চল ও সেন্ট্রাল হাইল্যান্ডসে আকস্মিকভাবে শুরু হওয়া ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০-এ। এখনো অন্তত ১২ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ আসা এই বন্যা পুরো অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে দিয়েছে।রোববার (২৩ নভেম্বর) তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় ভিএনএক্সপ্রেসের তথ্য অনুযায়ী, বাঁধ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে—এ পর্যন্ত বন্যায় প্রায় ৩৪১ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে ডাক লাক প্রদেশে, যেখানে ৬৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। উপকূলীয় ন্যা ট্রাং শহরসহ খান্‌হ হোয়া প্রদেশে মারা গেছে ১৪ জন।

লাম ডং অঞ্চলে ৫ জন, জিয়া লাই এলাকায় ৩ জন এবং হুয়ে ও দা নাং—এই দুই অঞ্চলে ২ জন করে প্রাণহানি ঘটেছে। কোয়াং ত্রি প্রদেশেও একজনের মৃত্যু হয়েছে।বন্যায় ১,১৫৪টি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মহাসড়ক ও গ্রামীণ সড়ক ধসে পড়ে বা স্রোতে ভেসে গিয়ে যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।দুর্যোগের শুরুতে প্রায় ১২ লাখ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। রবিবার পর্যন্ত এখনো ২ লাখ ৫৭ হাজার পরিবারে বিদ্যুৎ সংযোগ ফিরেনি। এর ফলে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী ফাম মিন চিং জানিয়েছেন, কেন্দ্রীয় অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একইসঙ্গে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের জন্য সরকার ৭০০ বিলিয়ন ভিয়েতনামি ডং (প্রায় ২৬.৬ মিলিয়ন ডলার) জরুরি সহায়তা ঘোষণা করেছে।এদিকে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার ও সহায়তা কার্যক্রমে নেমেছে। কর্তৃপক্ষ জানায়, পানির স্রোত ও রোগব্যাধির কারণে অন্তত ৩.২৪ মিলিয়ন গবাদিপশু ও হাঁস–মুরগি মারা গেছে বা ভেসে গেছে।—