লিবিয়া উপকূলে নৌকাডুবি: চার বাংলাদেশির করুণ মৃত্যু।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আল-খুমস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবির ঘটনায় চার বাংলাদেশি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।শনিবার (১৫ নভেম্বর) তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আল-খুমস উপকূলের কাছে দুটি নৌকা উল্টে যাওয়ার সংবাদ পাওয়ার পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। প্রথম নৌকাটিতে থাকা ২৬ জন বাংলাদেশির মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্য নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন—যাদের মধ্যে ৬৭ জন সুদানি, দুইজন মিশরীয় এবং আটজন শিশু রয়েছে বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে। জীবিতদের উদ্ধার এবং মরদেহ সংগ্রহে জরুরি দল কাজ করছে।উল্লেখ্য, অবৈধ পথে ইউরোপে পৌঁছানোর জন্য বহু বছর ধরে লিবিয়া ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যেই এক হাজার ছাড়িয়েছে।—