নিজস্ব প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকায় ঘোষিত কর্মসূচির বিষয়ে কঠোর অবস্থান নেবে সরকার—এমন হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, রাজধানীতে ওই কর্মসূচির যেকোনো প্রয়াস কঠোরভাবে দমন করা হবে।শফিকুল আলম লিখেছেন, “বিএএল (বাংলাদেশ আওয়ামী লীগ), তাদের সমর্থক এবং তাদের গণহত্যাকারী নেতারা হয়তো ভাবছেন, এখনো ২৮ অক্টোবর ২০০৬ চলছে। তারা কল্পনা করছেন, দিনের আলোয় মানুষ হত্যা করে হাজার হাজার দুর্বৃত্তকে রাজধানীর রাস্তায় নামাতে পারবেন।

”তিনি আরও লেখেন, “দুঃখিত—এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনের যেকোনো বিক্ষোভ প্রচেষ্টা আইনের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে।”তার সতর্কবার্তায় তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখবেন, এটি ২৮ অক্টোবর ২০০৬ নয়—এটি জুলাই, এবং এটি চিরকাল।”উল্লেখ্য, ২০০৬ সালের অক্টোবর মাসে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের বিদায়ের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতি কে এম হাসানকে নিয়োগের বিরোধিতা করে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল তীব্র আন্দোলনে নামে।সেই সময়, ২৮ অক্টোবর ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা, গুলি, এবং পিটিয়ে হত্যার দৃশ্য সেদিন গোটা দেশকে নাড়া দিয়েছিল।
