নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে প্রথমবারের মতো ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিক হিসেবে দেখা গিয়েছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। যদিও দলটি শিরোপা জিততে পারেনি, তবুও তাদের পারফরম্যান্স এবং শাকিবের মাঠে উপস্থিতি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ক্রিকেট ও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে তৈরি হয়েছিল এক অনন্য সংযোগ।দলের মালিকানা নেওয়ার প্রথম অভিজ্ঞতার পর শাকিব জানিয়েছিলেন, পরবর্তী আসরে তার দল হবে আরও শক্তিশালী, আরও আগ্রাসী এবং জয়ের জন্য প্রস্তুত। এবার সেই প্রতিশ্রুতি রাখছেন ঢাকাই সিনেমার ‘কিং খান’।আগামী ১৯ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর।
এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানার তালিকা। যদিও প্রথমে গুঞ্জন ছিল, শাকিব খান থাকছেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল—শেষ পর্যন্ত সব ধোঁয়াশা কাটল। নিশ্চিতভাবে জানা গেছে, এবারও ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানায় থাকছেন শাকিব খান এবং তার প্রতিষ্ঠান ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’।বুধবার বিকেলে একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবি সূত্রে আরও জানা গেছে, পরবর্তী পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানা থাকছে শাকিব খানের হাতে।
গত আসরে সাতটি দল অংশ নিলেও এবার দল কমে হয়েছে পাঁচটি। অংশগ্রহণকারী দলগুলো হলো—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা ও বরিশাল।এবার ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান:ঢাকা – চ্যাম্পিয়ন স্পোর্টসরংপুর – টগি স্পোর্টসচট্টগ্রাম – ট্রায়াঙ্গেল সার্ভিসেসরাজশাহী – নাবিল গ্রুপসিলেট – ক্রিকেট উইথ সামিপ্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।
