প্রথমবারের মতো যাত্রা শুরু বিএসসির বাংলার প্রগতি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

চীনের জিংজিয়াং বন্দর থেকে আজ প্রথমবার বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ যাত্রা শুরু করেছে।সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনাল বার্থ থেকে জাহাজটি তার প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে।বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ‘বিএসসি নিজস্ব অর্থায়নে ৩৮ মিলিয়ন ডলারে জাহাজটি ক্রয় করেছে। বৃহস্পতিবার চীনের ইয়ার্ড থেকে জাহাজটি গ্রহণ করেছি।

বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে নতুন এই জাহাজটি বিদেশি একটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে। ভাড়ার মাধ্যমে বিএসসি প্রতিদিন ২০ হাজার মার্কিন ডলার আয় করবে।’বিএসসির বহরে যুক্ত এই জাহাজের পণ্য পরিবহনের ক্ষমতা ৬৩,৫০০ টন। জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ মিটার, প্রস্থ ৩৩ মিটার এবং গভীরতা ১৮ মিটার। এর প্রধান ইঞ্জিন জার্মানিতে নির্মিত ও চীনে সংযোজিত হয়েছে। ইতিমধ্যেই চীনে জাহাজটি পরীক্ষা মূলক যাত্রা সম্পন্ন করেছে। নির্মাণকালে এর নাম ছিল ‘এক্সসিএল জেমিনি’। পূর্বে এটি মার্শাল আইল্যান্ডের পতাকা বহন করলেও এখন বাংলাদেশের পতাকা বহন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

বিএসসি জানিয়েছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে সরকারি পণ্য পরিবহন ক্ষমতা এখন আরও বৃদ্ধি পাবে। এর ফলে প্রতিষ্ঠানটি আরও লাভজনক হবে। সরকারের হিসাব অনুযায়ী, এই জাহাজ থেকে বছরে প্রায় ১০০ কোটি টাকা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ডিসেম্বরে বহরে যুক্ত হবে আরও একটি নতুন জাহাজ, যা থেকে আয়ের সম্ভাবনা আরও ১০০ কোটি টাকা।উল্লেখ্য, বর্তমানে বিএসসির বহরে পাঁচটি জাহাজ রয়েছে। এর মধ্যে তিনটি তেল পরিবহনকারী ট্যাঙ্কার এবং দুটি সাধারণ পণ্য পরিবহনের বাল্ক জাহাজ। নতুন দুটি জাহাজের মধ্যে একটি যুক্ত হওয়ায় এখন সংস্থার বহরে জাহাজের সংখ্যা দাঁড়ালো ছয়টি।