নিজস্ব প্রতিনিধি:
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে প্রায় সুস্থ হয়ে ফিরতে চলেছিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। কিন্তু চোট পুরোপুরি সেরে না ওঠায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোতে খেলতে পারবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএন।গত ২৫ সেপ্টেম্বর রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ২৮ বছর বয়সী রাফিনহা। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। এ সপ্তাহে অনুশীলনে ফিরলেও শুক্রবার আবারও হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন, ফলে ফের ইনজুরির তালিকায় নাম উঠেছে তার।
সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, রাফিনহার মাঠে ফেরার সুনির্দিষ্ট সময় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আরও কয়েক সপ্তাহ বাইরে থাকতে হতে পারে তাকে। শুরুতে তিন সপ্তাহের মধ্যে ফেরার আশা করা হলেও, এক মাস পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি ফিট নন তিনি।নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে বার্সেলোনা মুখোমুখি হবে এলচে, ক্লাব ব্রুগা ও সেল্টা ভিগোর। এই তিন ম্যাচেও রাফিনহা না থাকার আশঙ্কা প্রবল।রাফিনহার সঙ্গে এল ক্লাসিকো থেকে ছিটকে গেছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়— মার্ক-আন্দ্রে টার স্টেগেন, হোয়ান গার্সিয়া, গাভি, দানি ওলমো এবং রবার্ট লেভানডোভস্কি। এছাড়া জুলস কুন্দে ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।লা লিগার চলতি মৌসুমে শীর্ষ দুই দলের প্রথম ক্লাসিকোতে বর্তমানে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে।
গত মৌসুমে চারবারের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছিল কাতালানরা।বার্সেলোনার জন্য আরও একটি বড় ধাক্কা হলো— কোচ হান্সি ফ্লিক এই গুরুত্বপূর্ণ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে নির্দেশনা দিতে পারবেন না। জিরোনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল শুক্রবার স্পেনের ক্রীড়া প্রশাসনিক আদালত খারিজ করেছে।স্টপেজ টাইমে টানা দুটি হলুদ কার্ড দেখার পর মাঠ ছাড়তে হয় ফ্লিককে। রেফারির প্রতিবেদনে বলা হয়, প্রথম কার্ডটি রেফারির সিদ্ধান্তে ‘ব্যঙ্গাত্মক তালি’ দেওয়ার কারণে এবং দ্বিতীয়টি অতিরিক্ত প্রতিক্রিয়ার জন্য।
তবে জার্মান কোচের দাবি, তিনি রেফারিকে নয়, বরং নিজের খেলোয়াড় ফ্রেঙ্কি ডি ইয়ংকে উৎসাহ দিচ্ছিলেন। কিন্তু আপিল গৃহীত না হওয়ায় বার্নাব্যুতে এবার স্ট্যান্ড থেকেই খেলা দেখতে হবে তাকে।ফলে শনিবারের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনেও উপস্থিত থাকতে পারবেন না হান্সি ফ্লিক। তার পরিবর্তে সংবাদ সম্মেলনে বার্সার সহকারী কোচ মার্কাস সর্গ সাংবাদিকদের মুখোমুখি হবেন।
