৩২ বছর আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেছেন। আদালত এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫ জনকে খালাস দিয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মামলাটি বিদ্বেষপ্রসূতভাবে করা হয়েছিল এবং এতে অতিরঞ্জিত অভিযোগ আনা হয়েছিল। বিচারিক আদালতের পূর্ববর্তী রায়কে অমানবিক বলে উল্লেখ করা হয়।
আসামিদের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দেন ব্যারিস্টার কায়সার কামাল, যার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
গত ৩০ জানুয়ারি মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। ২০১৯ সালের ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৯ জনকে মৃত্যুদণ্ড ও ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিদের সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছিলেন। মামলার বিচারকাজ চলাকালে ৫ জন আসামি মারা যান।
ঘটনার প্রেক্ষাপটে, ১৯৯৪ সালে শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা হিসেবে দলীয় কর্মসূচির অংশ হিসেবে ট্রেনযাত্রায় অংশ নেন। ২৩ সেপ্টেম্বর তার ট্রেন ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল।
