নিজস্ব প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের সোনাহাট বিজিবি কোম্পানি সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও ছয়জন শিশু-কিশোর রয়েছে।শুক্রবার সকাল সাতটার দিকে বলদিয়া ইউনিয়নের আমতলা এলাকায় কচাকাটা-ভূরুঙ্গামারী সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক।
আটক ব্যক্তিরা হলেন—ইমাম হোসেন (৪৮), রবিউল আলম (২০), শফিউল্লাহ (১৮), আমেনা বেগম (২৮), রেজিয়া (২১), নবী হোসেন (১৫), আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭), রিফা (৯), শাফা (৬) ও নুর শাহিদা (২)। জানা গেছে, তারা দুটি পরিবারের সদস্য।স্থানীয়দের ভাষ্যমতে, ভোরে ওই রোহিঙ্গারা আমতলা এলাকায় ঘোরাফেরা করছিল। তখন স্থানীয়রা তাদের আটক করে এবং খবর পেয়ে সোনাহাট বিজিবি সদস্যরা এসে হেফাজতে নেয়। স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতে খুটামারা সীমান্তের ১০১১ নম্বর পিলারের কাছে দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।
একটি সূত্র জানিয়েছে, আটক রোহিঙ্গারা প্রায় এক বছর আগে কক্সবাজারের কলাতলী থেকে কুমিল্লা হয়ে ভারতে প্রবেশ করেছিল।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, প্রাথমিকভাবে তারা রোহিঙ্গা বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক আরও বলেন, আটক ব্যক্তিদের দেওয়া ঠিকানা যাচাই করে মিল পাওয়া যায়নি। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
