পিআর পদ্ধতির সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত : মির্জা ফখরুল

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাবিত পিআর পদ্ধতি এখনই বাস্তবায়ন করা ঠিক হবে না। এটি জনগণের কাছে নতুন ও অপরিচিত একটি ব্যবস্থা, তাই এর সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত।সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিষ্টান ফোরাম-এর নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিষ্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট ফাদার আলবার্ট রোজারিও এবং সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা।

ফখরুল বলেন, “আমরা সব সময় চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। সরকার ও নির্বাচন কমিশন সে চেষ্টা করছে বললেও কিছু বিষয় আমাদের উদ্বেগে ফেলে। পিআর পদ্ধতির বড় সমস্যা হলো এতে ভোটার ব্যক্তিগতভাবে প্রার্থী বেছে নেওয়ার সুযোগ হারায়—তাকে দলকে বেছে নিতে হয়। এতে জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব দুর্বল হয়ে পড়ে।”তিনি আরও বলেন, “দেশে হঠাৎ করে নতুন পদ্ধতি চালু করা হলে জনগণ বিভ্রান্ত হবে।”ধর্মীয় ইস্যুতে ইঙ্গিত করে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখানোর নানা প্রচেষ্টা চলছে।

তবে বিএনপি সব সময় এর বিরোধিতা করেছে। আগামী নির্বাচনে জনগণ প্রমাণ করবে যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং তারা বাংলাদেশি জাতীয়তায় বিশ্বাসী।”ফখরুল আরও বলেন, “আমরা গর্বের সঙ্গে বলতে চাই—আমরা বাংলাদেশি। ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করে আমরা এই দেশ অর্জন করেছি। এই পরিচয় আমাদের প্রতিমুহূর্তে স্মরণে রাখতে হবে।”তিনি জানান, খ্রিষ্টান ফোরামের নেতারা আগামী নির্বাচনে তাঁদের একজনকে বিএনপির মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি এই দাবি দলীয় প্রধানের কাছে পৌঁছে দেবেন।