আবারও বাড়লো স্বর্ণের দাম!

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ২ years ago

সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে তিন দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এর ফলে ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা, যা পূর্বের তুলনায় ২ হাজার ৯৯ টাকা বেশি। দেশের বাজারে এটি স্বর্ণের সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড গড়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়েছে। নতুন এই মূল্য আগামীকাল রবিবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকায়, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ৯৭ হাজার ৪৭৬ টাকায় বিক্রি হবে।

তবে স্বর্ণের মূল্যবৃদ্ধির পরও রুপার দাম অপরিবর্তিত থাকবে। বর্তমানে বাজারে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে, ২৯ জানুয়ারি স্বর্ণের মূল্য সংশোধন করা হয়েছিল, যা ৩০ জানুয়ারি থেকে কার্যকর হয়। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ১ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা নির্ধারণ করা হয়েছিল।