গুলসান-১ অবরোধ করলেন তিতুমীর শিক্ষার্থীরা

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ৭ দফা দাবিতে গুলশান-১ মোড় অবরোধ করেছেন, যার মধ্যে অন্যতম দাবি কলেজটিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে, তারা পূর্বঘোষিত ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালীতে যান এবং কিছুক্ষণ সড়ক অবরোধের পর আবার কলেজের দিকে ফিরে আসেন। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা গুলশান-১ চত্বরে যাওয়ার জন্য রওনা দেন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘টিসি না টিইউ, টিইউ টিইউ’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’, ‘অধ্যক্ষের সিন্ডিকেট, মানি না মানবো না’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’ ইত্যাদি।

শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের ৭ দফা দাবি মানা না হবে, ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আদায়ে অনির্দিষ্টকালের জন্য ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে, ৭ দফা দাবির প্রেক্ষিতে শুক্রবার ছিল টানা তৃতীয় দিনের মতো আমরণ অনশন। অনশনের সময় দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া, শুক্রবার রাত ১০টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থী গুলশান-১ চত্বরে সড়ক অবরোধ করে এবং সেখানে জরুরি সংবাদ সম্মেলন করেন।