বিশ্বমঞ্চে বাংলাদেশের সাফল্য তুলে ধরবো : ডা. তাসনিম জারা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে
তাসনিম জারার ফেসবুক পেজ থেকে সংগৃহিত।

নিজস্ব প্রতিনিধি:

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ ছয় রাজনৈতিক নেতা।রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের অপেক্ষা করতে দেখা যায়।সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এ ছাড়াও তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেবেন।তার ভাষণে অন্তর্বর্তী সরকারের গত এক বছরের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরা হবে।

এবারের সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা নকিবুর রহমান তারেক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান—“মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে সদস্য সচিব আখতার হোসেন এবং আমি এই সফরে অংশ নিচ্ছি। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের চলমান প্রচেষ্টা ও অংশগ্রহণমূলক ইতিবাচক উদাহরণ বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করব।

সবাই আমাদের জন্য দোয়া করবেন।”তার শেয়ার করা ছবিতে দেখা যায়, বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে একসঙ্গে বসে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, ডা. তাসনিম জারা, জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং আখতার হোসেন। তারা সবাই বিমানের জন্য অপেক্ষা করছিলেন।