বিমানটি পুরনো নয়, প্রযুক্তি পুরনো” — বিমান বাহিনী প্রধান।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

-“বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি পুরনো ছিল না, তবে তার প্রযুক্তি ছিল কিছুটা পুরনো। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় কোনো ধরনের ছাড় দেওয়া হয় না।মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কুর্মিটোলা বিমানঘাঁটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি বলেন, “প্রশ্ন উঠছে, পুরনো বিমানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কি না। বাস্তবতা হলো, প্রতিটি বিমানের নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে, সাধারণত তা ৩০ বছর। আমরা যেসব দেশ থেকে বিমান সংগ্রহ করি, সেসব দেশের মাধ্যমেই এর পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হয়।

সুতরাং বিমানের বয়স নয়, মূল বিষয় হলো প্রযুক্তি। এবং প্রযুক্তি পুরনো মানেই এটি অকার্যকর নয়। আমরা রক্ষণাবেক্ষণে কোনো রকম ছাড় দেই না।”বিমান দুর্ঘটনা প্রসঙ্গে তিনি জানান, “উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখবে। যদি কোনো ত্রুটি বা ব্যর্থতা পাওয়া যায়, তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।”পাইলটের প্রসঙ্গে তিনি বলেন, “তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন বিমানটি জনবহুল এলাকায় না পড়ে। একটি খালি জায়গায় নামানোর চেষ্টা করেছেন এবং সে চেষ্টাতেই নিজের জীবন উৎসর্গ করেছেন। দয়া করে এমন একটি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবে কান দেবেন না। একটি শক্তিশালী বিমানবাহিনী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক—গুজব ছড়িয়ে এই স্তম্ভকে দুর্বল করবেন না।”তিনি আরও বলেন, “আহতদের দ্রুত সুস্থ করে তোলাই এখন আমাদের অগ্রাধিকার। কিন্তু দুঃখজনকভাবে, দুর্ঘটনাস্থলে অস্থিরতা বিরাজ করছে। এখানে কিছু গোপন করার নেই। দুর্ঘটনা মানেই দুর্ঘটনা—এটি কারো ইচ্ছাকৃত ছিল না। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি।”