ক্রিকেট ম্যাচে বোমা হামলা, নিহত একজন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে


নিজস্ব প্রতিনিধি:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রদেশের বাজাউর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে হওয়া এ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

বাজাউর জেলা পুলিশের বরাতে জানানো হয়, হামলাটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে চালানো হয়। এটি পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে কর্মকর্তারা উল্লেখ করেন।

এর আগে জেলার লোই মামুন্ড তহসিলের লাঘারি এলাকায় কোয়াডকপ্টারের মাধ্যমে একটি থানায় হামলা চালায় সন্ত্রাসীরা। এতে একজন পুলিশ কর্মকর্তা ও আরও একজন আহত হন। প্রতিবেদনে আরও বলা হয়, পরে আরেকটি কোয়াডকপ্টারের মাধ্যমে থানায় আক্রমণ চালানো হলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। আহতদের দ্রুত খারের জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। কয়েক সপ্তাহ আগে নিরাপত্তা বাহিনী ‘অপারেশন সারবাকাফে’ নামের একটি সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছিল। পুলিশের ধারণা, পাল্টা প্রতিশোধ হিসেবেই এ হামলা হতে পারে।