নিজস্ব প্রতিনিধি:
পর্তুগালের রাজধানী লিসবনে পর্যটকবাহী ঐতিহাসিক গ্লোরিয়া ফানিকুলার ট্রাম ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।১৮৮৫ সালে চালু হওয়া এ ফানিকুলার রেলপথ লিসবনের অন্যতম জনপ্রিয় পর্যটন ও পরিবহন ব্যবস্থা।
দুর্ঘটনার সময় ট্রামটি রেস্তোরাডোরেস স্কয়ার থেকে পাহাড়ি বাইরো আল্টো এলাকায় উঠছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রামটি লাইনচ্যুত হয়ে প্রবল ঝাঁকুনি দিতে শুরু করে। এতে আতঙ্কিত যাত্রীরা জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করলে চারদিকে চিৎকার-চেঁচামেচির সৃষ্টি হয়।ঘটনার পর লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস এক বিবৃতিতে বলেন, “আজ আমাদের শহরের জন্য শোকের দিন। লিসবন শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে।
” রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুসা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধানের আশ্বাস দেন।প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ব্রেকফেইল বা বিদ্যুৎ সংযোগের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
