নিজস্ব প্রতিনিধি:
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনসহ পাঁচ দফা বিষয়ে একমত হয়েছে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একসঙ্গে থাকা ২২টি রাজনৈতিক দল।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠক শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান এসব সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে—প্রথমত, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। সরকার এ বিষয়ে আশ্বাস দিলেও এখনও বাস্তবায়ন হয়নি। তাই ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।দ্বিতীয়ত, হামলার সঙ্গে জড়িত দায়ীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে।তৃতীয়ত, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত দলগুলোর মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তুলতে হবে।
বিভাজনের সুযোগ নিয়ে নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে—এটা ছিল প্রথম পদক্ষেপ। তাই ঐক্য ধরে রাখা জরুরি।চতুর্থত, আওয়ামী লীগ ও এর সহযোগী জাতীয় পার্টি-সমেত ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই একমত হয়েছে।পঞ্চম, নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে সংহতি সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার ২২টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
