পাঁচ দিনের রিমান্ডে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ঢাকার যাত্রাবাড়ী থানায় গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় আসাদুল হক বাবু হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার (২৫ আগস্ট) বিকেলে এই আদেশ দেন।

এর আগে দুপুরে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। তবে আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে তা বাতিলের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত রোববার রাতে বরিশালের বাংলাবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করে।

সেখান থেকে রাতেই তাকে ঢাকায় আনা হয়।সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।তৌহিদ আফ্রিদি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। একই মামলায় গত ১৭ আগস্ট নাসির উদ্দিনকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) এবং পরদিন তাকে রিমান্ডে নেয়।প্রসঙ্গত, গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়।

মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে।তৌহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্লগ ও ভ্রমণকেন্দ্রিক কনটেন্ট তৈরি করে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সাম্প্রতিক বছরগুলোতে তার অনুসারীর সংখ্যা দ্রুত বেড়েছে।