নিজস্ব প্রতিনিধি:
বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও সরকারি বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একাধিক মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কূটনৈতিক সূত্র জানায়, এ নির্দেশ লিখিত চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে। পরে তাদেরকে অন্য মিশনগুলোতে বিষয়টি জানিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।
দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশন গণমাধ্যমকে জানিয়েছে, তারা এখনো আনুষ্ঠানিক কোনো নথি পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান স্বীকার করেছেন, সরকারের পক্ষ থেকে ফোনে তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত এক জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। এটি লিখিতভাবে আসেনি, তবে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। পাশাপাশি এর তদারকিও করতে হবে।’
আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলের রাষ্ট্রদূতের কাছ থেকে সরাসরি নির্দেশনা এসেছে। আবার কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমেও একই তথ্য পৌঁছে দেওয়া হয়েছে।
