নিজস্ব প্রতিনিধি;
পুত্রজায়ায় অনুষ্ঠিত এ স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সম্পন্ন হয়।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, প্রথম নোটটি উচ্চশিক্ষা খাতে সহযোগিতা নিয়ে, যেখানে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ও বাংলাদেশের প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। দ্বিতীয় নোটটি কূটনীতিক প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে, যা স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তৃতীয় নোটটি হালাল ইকোসিস্টেমে সহযোগিতা নিয়ে, যেখানে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ের উপমন্ত্রী সেনেটর ড. জুলকিফলি বিন হাসান ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।সমঝোতা স্মারকের মধ্যে প্রথমটি প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে, যা স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। দ্বিতীয়টি জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন নিয়ে—এলএনজি সরবরাহ ও অবকাঠামো উন্নয়নে সমঝোতা হয় মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রী ও বাংলাদেশের জ্বালানি উপদেষ্টার মধ্যে। তৃতীয়টি মালয়েশিয়ার আইএসআইএস এবং বাংলাদেশের বিআইআইএসএস-এর মধ্যে সহযোগিতা চুক্তি।
চতুর্থটি মাইমোস সার্ভিসেস এসডিএন বিহাড ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে। পঞ্চমটি মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশের এফবিসিসিআই-এর মধ্যে।এদিন সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ড. ইউনূসকে লাল গালিচা অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন। পরে দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন খাতে ভবিষ্যৎ সহযোগিতার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
