নিজস্ব প্রতিনিধি:
নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে বিভাগের আট জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, “এবারের নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থাকবে। তবে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এর আগে সকালে বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।
