নিজস্ব প্রতিনিধি:
সব রাজনৈতিক দলকে প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “যেসব দল বেশি ঝুঁকিপূর্ণ, তাদের বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে, আর যেসব দল কম ঝুঁকিপূর্ণ, তাদের কম নিরাপত্তা। এই ঝুঁকির মাত্রা গোয়েন্দা সংস্থাগুলো নির্ধারণ করে।
”সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কখনোই পুরোপুরি সন্তোষজনক হয়নি। গত এক বছরে কিছুটা উন্নতি হয়েছে, তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছানো সম্ভব হয়নি।”স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে।
বর্তমান সময়ে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছি, তবে চূড়ান্ত সফলতা এখনো আসেনি।”তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে থাকবে। পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে এবং তা এখনো সম্পূর্ণ শেষ হয়নি।নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে নির্বিঘ্ন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা নিয়ে কাজ করবে বলে আশ্বাস দেন জাহাঙ্গীর আলম।তিনি বলেন, “৩ ও ৫ আগস্ট ঘিরে শঙ্কা থাকলেও তা এখন নিয়ন্ত্রণে রয়েছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবুও আমরা সবসময় সতর্ক আছি এবং থাকব।”
