শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ থেকে শুরু।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ (রোববার, ৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে। বিচার কার্যক্রম চলছে আসামির অনুপস্থিতিতেই।

আজকের শুনানিতে প্রথম সাক্ষী হিসেবে উপস্থিত থাকবেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানিয়েছেন, ‘আমরা শুরুতে যাদের সাক্ষ্য নিচ্ছি, তারা কেউ প্রত্যক্ষদর্শী, কেউবা নিজেরাই নির্যাতনের শিকার।’

ট্রাইব্যুনালে জমা দেওয়া ৫০০-র বেশি অভিযোগের মধ্যে শেখ হাসিনাকে ঘিরে থাকা চারটি মামলার বিচার ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ১৭ নেতা এবং ওবায়দুল কাদেরকে ঘিরে থাকা আরও ছয়টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, শেখ হাসিনার সর্বশেষ পরিচিত ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে। তবে তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইনের বিধান অনুসারে বিচার চলবে একতরফাভাবে।

এই মামলায় যারা সাক্ষ্য দেবেন, তাদের মধ্যে রয়েছেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান, গবেষক ও লেখক বদরুদ্দিন উমর, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা এবং ‘জুলাই আন্দোলনে’ আহত ও নিহতদের স্বজনরা।