সমন্বয়ক’ রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের পর তার দখলে থাকা ওই চেক উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি নতুন মামলার প্রক্রিয়া চলছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, সম্প্রতি গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে রিমান্ডে আছেন। এদের মধ্যে রিয়াদের বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক ও প্রায় ২০ লাখ টাকার এফডিআরের নথি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে, গত ২৬ জুলাই রাজধানীর গুলশান-২ এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাড়িতে চাঁদার টাকা আনতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের করা মামলায় গুলশান থানায় মামলা হয়। অভিযুক্তরা হলেন— আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, কাজী গৌরব অপু, মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন এবং শিশু আমিনুল ইসলাম।

তাদের মধ্যে কাজী গৌরব অপু অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকি চারজন বর্তমানে রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন।

এদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম এবং সাদমান সাদাবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনামের যৌথ স্বাক্ষরে এ সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।