নিজস্ব প্রতিনিধি:
ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভাকে ঘিরে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল এশিয়া কাপ নিয়ে, কারণ ভারতসহ তিনটি দেশের প্রতিনিধি অংশ না নেওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে সেই শঙ্কা কেটে গেছে। ভারত ও শ্রীলঙ্কা সভায় অংশগ্রহণ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আয়োজকরা। সভার সময়ই এসিসির চেয়ারম্যান মহনিস নাকভি জানিয়েছিলেন, খুব দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
অবশেষে সেই ঘোষণা দিয়েছেন এসিসি সভাপতি নিজেই। আজ শনিবার (২৬ জুলাই) তিনি তাঁর এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে এশিয়া কাপের ভেন্যু ও চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেন।
প্রথমে ভারতের ও শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর, আর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল, যেটির মাধ্যমে পর্দা নামবে এই অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের।
নাকভি তাঁর পোস্টে লেখেন—
“আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে, পুরুষদের এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি। বিস্তারিত সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।”
উল্লেখ্য, এবারের এশিয়া কাপে মোট ৮টি দল অংশ নেবে। এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্য দেশের সংখ্যা ৫টি—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাকি তিনটি দল হলো সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।
