অস্ত্র উদ্ধার অভিযানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে অবৈধ অস্ত্র ও পূর্বে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জে র‍্যাব-১১ সদর দপ্তর ও জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি জানান, “গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত আন্দোলন এবং ৫ আগস্টের ঘটনার পর দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তর থেকে বিপুল সংখ্যক অস্ত্র লুট হয়। এই সব অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে জাতীয় নির্বাচনের আগেই সব অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে। এ কাজে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, “এই মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটিতে অনেক নিরীহ মানুষকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে। তাই তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যথাযথ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হবে—এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি।”ভারতে অবস্থানরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যদি কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে থাকে, তবে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। তবে যারা রোহিঙ্গা, তারা ভারতে পালিয়ে গেলেও বাংলাদেশ তাদের ফেরত নেবে না।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকার কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছে।”এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছড়ানো গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সঠিক তথ্য যাচাই ও নির্ভরযোগ্য সংবাদ প্রচারে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”স্বরাষ্ট্র উপদেষ্টার সফরকালে উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।সকাল ১১টায় র‍্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনের মাধ্যমে তার সফর শুরু হয়। সেখানে র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে দুপুরে তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইনস পরিদর্শন করেন এবং একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।