রাজধানীবাসীর কাছে ক্ষমা চাইলো জামায়াত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

জুলাই গণহত্যার বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ সাত দফা দাবিতে আগামীকাল রাজধানীতে জাতীয় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য যানজট ও জনদুর্ভোগের জন্য আগেই দুঃখ প্রকাশ করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।গোলাম পরওয়ার বলেন, “আমি সবার সহযোগিতা চাই, বিশেষ করে রাজধানীর বাসিন্দাদের কাছে অনুরোধ জানাচ্ছি।

দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমরা এই জাতীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে আয়োজন করতে পারি। লক্ষাধিক মানুষ ঢাকায় প্রবেশ করবে, তাই যানজট সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। এতে জনদুর্ভোগ হতে পারে—সে বিষয়টি মাথায় রেখে আমরা আগাম ক্ষমা চাইছি, আমাদের আমিরে জামায়াতের পক্ষ থেকেও দুঃখপ্রকাশ করছি।”তিনি জানান, “বর্ষাকাল চলছে, তাই আবহাওয়ার দিকটি বিবেচনায় রেখে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশাল পরিসরে সমাবেশ আয়োজন করা হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানে।”তিনি আরও বলেন, “এই সমাবেশে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক আটটি বিভাগের অধীনে দায়িত্ব পালন করবেন। তারা সমাবেশস্থলের নিরাপত্তা, শৃঙ্খলা ও আগতদের সেবায় কাজ করবেন।”জামায়াতের এই নেতা জানান, “স্থল, নৌ, সড়ক ও রেলপথে সারা দেশ থেকে মানুষ আজ রাত থেকেই ঢাকায় আসতে শুরু করবে। আমরা চাই, কেউ যেন কোনোরকম হয়রানির শিকার না হন, এবং সমাবেশটি যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।”