নিজস্ব প্রতিনিধি:
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিসহ ৪৯৪ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সেরিকাম বাগান এলাকার পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এই যৌথ অভিযানটি পরিচালিত হয় মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে। অভিযানে অংশ নেয় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (JIM) কুয়ালালামপুর ও সেলাঙ্গর শাখা, জেনারেল অপারেশনস ফোর্স (PGA), সুবাং জয়া সিটি কাউন্সিল (MBSJ), জাতীয় নিবন্ধন বিভাগ (JPN) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (APM)।
ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা জানান, ওই অভিযানে মোট ৭৪১ জন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে যাদের বৈধ পরিচয়পত্র নেই, ভিসার শর্ত লঙ্ঘন করেছেন, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, জাল কার্ড বহন করছেন অথবা অন্যান্য অনিয়ম করেছেন—তাদের মধ্য থেকে ৩৫৭ জন পুরুষ, ১০৭ জন নারী এবং ৩২ জন শিশুকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নাগরিক রয়েছেন। এদের অধিকাংশই সেলাঙ্গরের পাইকারি বাজার ও আশপাশের এলাকা, নির্মাণ খাত এবং গৃহস্থালির কাজে নিয়োজিত ছিলেন।
জাফরি বলেন, এই অঞ্চলটি অবৈধ অভিবাসীদের জন্য একপ্রকার ‘হটস্পট’ হয়ে উঠেছে। তাই নিয়মিত অভিযান পরিচালিত হবে। অভিযানে ধরা পড়াদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন বিধিমালা ১৯৬৩ এবং ২০০৭ সালের মানবপাচার ও অবৈধ অভিবাসী চোরাচালান বিরোধী আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় বা কাজ দিলে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনি ঝুঁকিতে পড়তে হবে। তাই সবাইকে এসব তথ্য সরবরাহে সহযোগিতা করতে এবং অবৈধ অভিবাসীদের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে তথ্য দিতে আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, জাফরি জানান যে, ১৯ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত একটি ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ চালু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৫০০ রিঙ্গিত জরিমানা ও ২০ রিঙ্গিতের বিশেষ পাসের বিনিময়ে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন।
