কাতার থেকে এলএনজি আনবে সরকার, খরচ ৫৫৬ কোটি টাকা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

আগস্ট মাসের জন্য কাতার থেকে এক কার্গো এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই আমদানিতে ব্যয় হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ৯০৬ টাকা।মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এটি ৪-৫ আগস্ট ২০২৫ সময়কালের মধ্যে আমদানি করা হবে এবং এটি হবে ৩৩তম কার্গো।পেট্রোবাংলার অধীনে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্টে (এমএসপিএ) স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। সবগুলো প্রস্তাবই কারিগরি ও আর্থিক দিক থেকে উপযুক্ত ছিল। মূল্যায়ন শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি-কে নির্বাচিত করা হয়।প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৩.২৪ মার্কিন ডলার। এই হিসাবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে মোট খরচ হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।