নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দরের একটি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় র্যাব-১১-এর একটি ইউনিট সহযোগিতা করে। সোমবার (১৪ জুলাই) রাত প্রায় ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “র্যাব-১০ রাতে অভিযান চালিয়ে নান্নুকে গ্রেফতার করে, আমরা তাদের সহায়তা করেছি। বিস্তারিত তথ্য র্যাব-১০ থেকে জানানো হবে।”
তথ্য অনুযায়ী, নান্নু সেই চারজনের একজন, যারা ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগকে হত্যা নিশ্চিত করে। গত বুধবার সন্ত্রাসীরা ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে এবং সিমেন্টের ব্লক দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনার পরদিন সারা এলাকাজুড়ে তীব্র নিন্দা শুরু হয়। নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে ১৯ জনের নাম উল্লেখ করা হয়।
স্থানীয়দের ধারণা, এই হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজির বিরোধই মূল কারণ।
