ডিভোর্সের গুঞ্জন মিথিলার সংসারে!

লেখক: আলোক
প্রকাশ: ২ years ago

কলকাতার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জী এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার চার বছরের দাম্পত্য জীবন নিয়ে সম্প্রতি নতুন আলোচনা শুরু হয়েছে। ভালোবেসে সংসার পাতা এই দম্পতির জীবনে কিছু পরিবর্তন এসেছে। শোনা যাচ্ছে, মিথিলা এখন সৃজিতের সঙ্গে একই ছাদের নিচে থাকছেন না। এমনকি কলকাতায়ও খুব একটা দেখা যায় না তাকে।

এমন পরিস্থিতিতে তাদের সম্পর্কে নানা গুঞ্জন ছড়িয়েছে। কেউ কেউ বলছেন, তাদের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে। যদিও সৃজিত এবং মিথিলা এসব বিষয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য না করলেও সবকিছুই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তবে সৃজিতের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টটিতে সৃজিতকে টলিউড অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে দেখা যায়। ছবিতে ঋতাভরীকে সৃজিতের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এর পাশাপাশি তিনি ক্যাপশনে লেখেন, “জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় শেষ, কেমন আছো? অনেক বছর পর তোমার দেখা পেলাম, কেমন আছো?”।

প্রসঙ্গত, এক সময় সৃজিত এবং ঋতাভরীর প্রেম নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। ঋতাভরীর সাম্প্রতিক জন্মদিনেও তাদের একসঙ্গে দেখা গেছে, যা তাদের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

মিথিলার সঙ্গে সৃজিতের দূরত্ব এবং ঋতাভরীর সঙ্গে এই বিশেষ মুহূর্ত শেয়ার করার ফলে ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই জানতে চাচ্ছেন, হঠাৎ করে ঋতাভরীকে নিয়ে এমন পোস্টের অর্থ কী হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা পাওয়া যায়নি।