কুমিল্লা ট্রিপল মার্ডার: ৭ আসামি কারাগারে।

লেখক: Tushar Imran
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার হওয়া আট আসামির মধ্যে সাতজনকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
এই ঘটনায় মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি বাচ্চু মিয়া মেম্বার আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তার জবানবন্দি রেকর্ডের প্রক্রিয়া চলছে।
সর্বশেষ, রবিবার (৬ জুলাই) বিকেলে গ্রেফতার হওয়া ছয় আসামিকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ৫ নং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিদ্দিক আজাদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, শনিবার গ্রেফতার হওয়া আরও দুই আসামিকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হলে আমলি আদালত ১১ এর বিচারক মমিনুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
গত ৪ জুলাই বাঙ্গরাবাজার থানা এলাকার কড়ইবাড়িতে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে রোখসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার এবং ছেলে রাসেল মিয়াকে তাদের বাড়ির সামনে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় রুবির মেয়ে রিক্তা আক্তার ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এখন পর্যন্ত এই মামলায় সেনাবাহিনী ও র‍্যাব মোট আটজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৫ জুলাই সন্ধ্যায় নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে দুজনকে আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর ৬ জুলাই বিকেলে র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া বাচ্চু মিয়া, রবিউল আওয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাস্টার, দুলাল ও আকাশকে আদালতে হাজির করা হলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান নিশ্চিত করেছেন যে, এই মামলায় মোট আটজনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় দুজনকে এবং রবিবার বিকেলে ছয়জনকে আদালতে নেওয়া হয় এবং আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।