বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বহুল আলোচিত চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার আরেকটি অভিযোগ থেকেও মুক্তি পেয়েছেন। তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
এর আগে, গত ১৮ ডিসেম্বর চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা চোরাচালান মামলায় তাকে ফাঁসির দণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট এলাকা থেকে ১০ ট্রাক ভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়।
২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এসব মামলায় রায় প্রদান করেন।
অস্ত্র চোরাচালান মামলায় তৎকালীন বিচারিক আদালত সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী (যার অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের উলফা সংগঠনের সামরিক নেতা পরেশ বড়ুয়া এবং দুই গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ১৪ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেন। একই সময়ে অস্ত্র আইনে দায়ের করা অপর মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
বিচারিক আদালতের রায়ের পর ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি মামলাটি হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। সেইসঙ্গে দণ্ডপ্রাপ্তরা তাদের সাজার বিরুদ্ধে আপিল করেন।
