কুষ্টিয়ায় ‘জুলাই বিপ্লব’ নিয়ে কটূক্তি: পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত কমিটি গঠন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া, ২ জুলাই ২০২৫: ‘জুলাই বিপ্লব’ নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় কুষ্টিয়ার ট্রাফিক পুলিশ সদস্য ফারজুল ইসলাম রনিকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং তার ছুটি বাতিল করা হয়েছে।কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফারজুল ইসলাম রনি ‘জুলাই অভ্যুত্থান’-বিরোধী মন্তব্য করায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে।জানা গেছে, গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ফারজুল ইসলাম রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘জুলাই বিপ্লব’কে অবমাননা করে একটি স্ট্যাটাস দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ মিছিল শুরু করেন।মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক অবরোধ করেন। তারা অভিযুক্ত পুলিশ সদস্যের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, যতক্ষণ পর্যন্ত ফারজুল ইসলাম রনিকে গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া না হচ্ছে, ততক্ষণ তাদের আন্দোলন চলবে।কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং ফারজুল ইসলাম রনির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, ফারজুল ইসলাম রনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত।কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান আরও জানান, কুষ্টিয়া জেলা পুলিশ ইতোমধ্যে সব ইউনিটে ‘জুলাই অভ্যুত্থান’-বিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য পোস্ট না করার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে। এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।