নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে শেয়ালের সঙ্গে ধাক্কা লেগে একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে নাছিমা খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাত ১২টার দিকে কুমারখালীর সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাছিমা খাতুন কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল মজিদের স্ত্রী।
শুক্রবার (২৭ জুন) জুমার নামাজের পর জোতমোড়া ও বরইচারা কবরস্থানে তাকে দাফন করা হয়।জানা গেছে, বৃহস্পতিবার রাতে নাছিমা ও তার স্বামী আব্দুল মজিদ কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। রাতে তারা সিএনজিচালিত অটোরিকশায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক দিয়ে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে রাত ১২টার দিকে সৈয়দ মাসুদ রুমী সেতু এলাকায় একটি শেয়ালের সঙ্গে সিএনজিটির ধাক্কা লাগে।
এতে সিএনজি উল্টে যায় এবং ঘটনাস্থলেই নাছিমা চাপা পড়ে মারা যান।আহত আব্দুল মজিদ জানান, “ডাক্তার দেখিয়ে সিএনজিতে করে রাতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ সেতু এলাকায় শেয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজি উল্টে পড়ে যায়। এতে সিএনজির নিচে চাপা পড়ে নাছিমা মারা গেছে।”কুষ্টিয়ার চৌড়হাঁস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, “রাতে সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সিএনজিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
