যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি খামেনির, পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি খামেনির, পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ট্রাম্পের
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি তার টেলিভিশনে দেওয়া একটি পুরনো বক্তব্য পুনরায় টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে তিনি বলেন, ইরানের ক্ষতির চেয়ে যুক্তরাষ্ট্র বহু গুণ বড় ক্ষতির সম্মুখীন হবে।
এমন এক সময় এই বার্তা সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার রাতে এক ঘোষণায় বলেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে।
এই ঘটনার পর ইরানের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কোম প্রদেশের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, ফোরদো পারমাণবিক স্থাপনার একটি অংশে বিমান হামলার ঘটনা ঘটেছে। কোমের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র মোরতেজা হেইদারি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর শত্রুপক্ষ ওই হামলা চালায়।
এছাড়া ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে, নাতাঞ্জ এবং ইস্পাহানের স্থাপনাগুলোতেও হামলা হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাতে ইরনা আরও জানায়, যেসব স্থাপনায় হামলার দাবি করা হয়েছে, সেগুলোতে বর্তমানে এমন কোনো উপাদান নেই যা তেজস্ক্রিয়তা ছড়াতে পারে।
যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি খামেনির, পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ট্রাম্পের
