নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১২টার পর থেকে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী নভেম্বর মাস পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে। নেপালে বর্তমানে বর্ষাকাল হওয়ায় শুধুমাত্র বর্ষা মৌসুমেই বিদ্যুৎ আমদানির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ৩ অক্টোবর নেপাল থেকে ভারত হয়ে বিদ্যুৎ আমদানির বিষয়টি চূড়ান্ত করতে কাঠমান্ডুতে একটি ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড (এনভিভিএন) স্বাক্ষর করে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। চুক্তিতে ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের কথা উল্লেখ করা হয়েছে।
ভারতীয় ট্রান্সমিশন চার্জসহ নেপাল থেকে বাংলাদেশে আসা প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় ৭ টাকা।