গ্লোবাল সুপার লিগে সাকিবকে রংপুরে চান সোহান।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান চান, আসন্ন গ্লোবাল সুপার লিগে (জিএসএল) সাকিব আল হাসান তার দলের হয়ে খেলুন। এই মাসের ১০ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে, সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির ওপরই ছেড়ে দিয়েছেন সোহান।এবার জিএসএল-এ শিরোপা ধরে রাখার মিশনে জাতীয় দলের খেলোয়াড়দের পাচ্ছে না রংপুর, কারণ সে সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে থাকবে। তাই সোহান জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই তাদের পরিকল্পনা সাজাচ্ছেন। গত বছর জিএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বিদেশি দলগুলোর ধারণা কিছুটা পরিবর্তন হয়েছে বলে জানান তিনি।টাইগারদের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেছেন, বিদেশি ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অনীহা বাড়ছে। যদিও সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়, তবে তাকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আবার দেখা যাচ্ছে। সম্প্রতি পাকিস্তান সুপার লিগ দিয়ে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন এবং এবার জিএসএল ঘিরেও তাকে নিয়ে আলোচনা চলছে।সোহান বলেন, “সাকিব ভাই কোনো দলে থাকলে সেই দলটা অবশ্যই সুবিধা পাবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব দিক থেকেই। তবে সেটা টিম ম্যানেজমেন্টের কলের বিষয়। ওখানে ভালো করাটাও আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ।”এই বছর বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদেরও পাবে না রাইডার্স। শ্রীলঙ্কা সিরিজের কারণে সৌম্য সরকার, রিশাদ হোসেন, আর শেখ মেহেদীর মতো গতবারের জিএসএল খেলা ক্রিকেটারদের এবার ক্যারিবিয়ান ইভেন্টে খেলার সম্ভাবনা কম।রংপুরের অধিনায়ক আরও জানান, “ওই সময় শ্রীলঙ্কা সিরিজ আছে। সুতরাং শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণার পর অনাপত্তিপত্র নিয়ে কারা কারা থাকবে, সেটা জানতে পারব। আগে থেকে খুব বেশি একটা পরিকল্পনা করা যাচ্ছে না এই বছর।”গত কয়েক বছরে দেশ ও বিদেশের ফ্র্যাঞ্চাইজি আসরে নেতৃত্ব দিয়ে সোহান বেশ প্রশংসা কুড়িয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট এবং জিএসএল-এর সুবাদে অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গেই তার বিপিএল নিয়ে কথা হয়েছে। তিনি অকপটে স্বীকার করেন যে, নানা কারণে বিপিএল ইমেজ সংকটে পড়েছে। টাইগারদের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক আশা করেন, সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান সফরের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে শিগগিরই জাতীয় দল ট্র্যাকে ফিরবে।