৪০ লাখ টিসিবি কার্ড বাতিল করছে সরকার!

লেখক: আলোক
প্রকাশ: ২ years ago

অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, ইতোমধ্যে ৪০ লাখের বেশি টিসিবির কার্ড বাতিল করা হয়েছে। তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে কার্ড বাতিল ও সংযোজন উভয়ই করা হচ্ছে।

বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসন, সুধীজন এবং টিসিবির ডিলারদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, “আমরা বিভিন্ন অঞ্চলে পরিদর্শন করছি। এর আগে রাজশাহী সফর করেছি, এখন দিনাজপুরে এসেছি। ভবিষ্যতে অন্যান্য জেলাতেও যাবো। আমাদের মূল লক্ষ্য টিসিবিকে আরও আধুনিক এবং একমুখী ব্যবস্থায় নিয়ে আসা। এর অংশ হিসেবে স্মার্টকার্ড চালুর কাজ চলছে। আমরা বিষয়গুলো বিশদভাবে বুঝতে চেষ্টা করছি।”

বিরল স্থলবন্দর চালুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষই দিতে পারবেন। এছাড়া দিনাজপুর টেক্সটাইল মিল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আপাতত কোনো তথ্য আমার কাছে নেই। তবে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানানো হবে।”

মতবিনিময় সভায় টিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ এবং বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা শেখ বশির উদ্দিন দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী কয়েকজন উপকারভোগীর বাড়ি পরিদর্শন করেন এবং টিসিবি কার্ডের কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।