ড. মঈন খান বলেছেন, ছাত্ররা ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান মন্তব্য করেছেন, ছাত্ররা যদি দেশ পরিচালনার কঠিন দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে ১৮ কোটি মানুষ তথা বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই। একসময় আমরা দেশ পরিচালনা করেছি। আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, দেশের জনগণ যাকে দায়িত্ব দেবে, তারাই দেশ পরিচালনা করবে। ছাত্রদের যখন দায়িত্ব দেওয়া হবে, ছাত্ররাই দেশ পরিচালনা করবে। তার জন্য ছাত্রদের সঠিক প্রস্তুতি নিতে হবে, সচেতন থাকতে হবে।” বুধবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৃত্তি প্রদান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর সাংস্কৃতিক ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।শিক্ষার্থীদের উদ্দেশে ড. আব্দুল মঈন খান আরও বলেন, “আজকের নতুন প্রজন্মই আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে। এই গুরুদায়িত্ব পালনে সবাইকে সচেতন হতে হবে। মনে রাখতে হবে, এই দেশটি তোমাদের। আমরা এখন আছি, কিন্তু আমরা চলে যাওয়ার পথে। আমাদের সময় প্রায় শেষ। আর তোমাদের সময় শুরু। এই সুযোগ যদি হেলায় হারানো হয়, কোনো ভুল পথে গিয়ে যদি সুনাম নষ্ট করো, তাহলে শুধু তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।”ড. মঈন খান আরও বলেন, “ছাত্রদের কাছে লেখাপড়া তপস্যার মতো, এই কথা ভুলে গেলে চলবে না। তোমরা দেশ পরিচালনা করে দেশকে মঙ্গলের পথে নিয়ে যাবে, বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করবে। কিন্তু সেজন্য সঠিক প্রস্তুতি নিতে তোমাদের ক্লাসে ফিরতে হবে। সঠিক শিক্ষা নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে পুনরায় ফিরে আসতে হবে।”আয়োজক সংগঠনের সভাপতি মো. ইউনুস তালুকদার রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডা. আ ন ম এহসানুল হক মিলন, চেয়ারপারসনের উপদেষ্টা আলমগীর হোসেন ও বিশিষ্ট সংগঠক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সালমান হোসেন, সাবরিন আলম, ফাহমিদা আক্তার, মোহনা আক্তার, রেহেনামু বিনতে হোসেন, মারিয়া আক্তার, উসরাত প্রিয়তমা, জেরিন রহমান, সামিয়া ইসলাম, মনিকা আক্তার, আফসানা ইসলাম, নুরে জান্নাত আঁখি, জান্নাত আক্তার, ইশানি গো, অরপিতা চৌধুরী, সিলভিয়া জামান, মাহফুজা আক্তার, আফরোজা ইসলাম, রাইসাতুল অর্পাসহ অর্ধশতাধিক শিক্ষার্থীকে মেডেল ও সনদ দেওয়া হয়।