ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি: দ্য অ্যাথলেটিকের দাবি

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

অনেক দিন আগে থেকেই এই চেষ্টা চলছিল। এমনকি দোরিভাল জুনিয়র আসার আগে থেকেই ব্রাজিলের ডাগআউটে কার্লো আনচেলত্তিকে দেখার জোরালো সম্ভাবনা ছিল। এমনও জোরেশোরে বলা হচ্ছিল যে ২০২৪ সালের কোপা আমেরিকা থেকেই ব্রাজিলের কোচ হবেন কার্লো আনচেলত্তি। কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। ইতালিয়ান এই কোচ রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি নবায়ন করেছিলেন। সেবার না হলেও এবার হচ্ছে।

ক্রীড়া বিশ্বের স্বনামধন্য গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, চলতি বছরের জুনেই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে এবার সেলেসাওদের ডাগআউটে দেখা যাবে ইতিহাসের অন্যতম সফল কোচ আনচেলত্তিকে। এখন শুধু সময়ের অপেক্ষা।দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, ক্লাব বিশ্বকাপেও রিয়াল মাদ্রিদের কোচের ভূমিকায় থাকছেন না কার্লো আনচেলত্তি। এরই মধ্যে নাকি তিনি তার ক্লাব ছাড়ার ইচ্ছের কথা শিষ্যদের জানিয়ে দিয়েছেন। তবে কোনো বড় চুক্তি নয়, আপাতত এক বছরের জন্য ব্রাজিলের দায়িত্ব নেবেন পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কোচ। যার অর্থ, ২০২৬ সালের বিশ্বকাপ ভিনিসিয়ুস জুনিয়ররা খেলবেন এই ইতালিয়ান কোচের অধীনেই।গুঞ্জন রয়েছে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বাদ পড়ার পর থেকেই আলোচনায় জোরদার অগ্রগতি হয়েছে।

ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ)-এর পক্ষ থেকে দিয়েগো ফার্নান্দেজ নাকি দু’বার তার সঙ্গে আলোচনা করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে বিদায় নিশ্চিত হওয়ার পর প্রথমবার দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এরপর বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে হারের পরেও নাকি ব্রাজিলিয়ান এই ফেডারেশনের প্রতিনিধি হিসেবে কার্লো আনচেলত্তির সঙ্গে দেখা করেন। আর এখানেই ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দেন আনচেলত্তি।

ফুটবলের দলবদলে বরাবরই নির্ভরযোগ্য নাম স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এই সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলের সঙ্গে কার্লো আনচেলত্তির সব ধরনের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। সিবিএফের শর্ত ছিল, ক্লাব বিশ্বকাপের আগেই আনচেলত্তিকে ব্রাজিলের ডাগআউটে আসতে হবে। আর সেটাই হচ্ছে।রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে কার্লো আনচেলত্তির সঙ্গে বিদায়ের বাকি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার অপেক্ষায় রয়েছে। দ্য অ্যাথলেটিকের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে ক্লাব ছাড়লেও চুক্তির পুরো বেতন দিয়েই আনচেলত্তিকে বিদায় দিতে চাইছে লস ব্লাঙ্কোসরা। শুধু তাই নয়, তাকে ক্লাবের অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাবও দিতে পারে রিয়াল মাদ্রিদ।এদিকে সর্বশেষ খবর অনুযায়ী, ব্রাজিলে নিজের সহকারী হিসেবে কাদের নিয়োগ দেওয়া হবে, আপাতত এই আলোচনা শুরু করেছেন কার্লো আনচেলত্তি।

তবে দীর্ঘ দিন পর ছেলে দাভিদ আনচেলত্তিকে কোচিং প্যানেলে পাচ্ছেন না এই ইতালিয়ান কোচ, এটা একপ্রকার নিশ্চিত বলা চলে।আর আনচেলত্তি মাদ্রিদ ছাড়লে রিয়ালের কোচ কে হবেন, তা নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। শুরুতে ক্লাব বিশ্বকাপের জন্য অন্তর্বর্তী কোচ নিয়োগের পথে হাঁটতে পারে স্প্যানিশ ক্লাবটি। সেক্ষেত্রে কার্লো আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তি কিংবা ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সান্তিয়াগো সোলারিকেই পছন্দ রিয়াল মাদ্রিদের।